
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তানভীর (২৫) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নিখোঁজ তানভীর বরগুনার বাসিন্দা। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা–পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়া বাড়ি। পরবর্তীতে তারা বিকেল চারটার দিকে কুষ্টিয়ার কুমারখালী গড়াই নদীর মীর মোশারফ হোসেন সেতু সংলগ্নে গোসল করার উদ্দেশ্যে আসেন।
স্থানীয়রা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গড়াই নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন গভীর পানিতে চলে যায়। তারা সাঁতরে কূলে আনার চেষ্টা করলেও তানভীর নামের শিক্ষার্থী তলিয়ে যান। দুজন ওপরে উঠতে সক্ষম হন। কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, তারা ও খুলনা ডুবরি দল যৌথভাবে উদ্ধারকাজ করলেও এখনো পর্যন্ত শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, ১৩ শিক্ষার্থীর একজন নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। রাত ৮ টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি












