কাঁচা মরিচের বাজার আগুন, হতাশ ক্রেতারা।

0
181

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জে প্রতি কেজি কাঁচামরিচ আট শত টাকায় বিক্রি হচ্ছে। শনিবার সকাল থেকে মৌতলা বাজারে এ অবস্থা দেখা গেছে।মৌতলা ছাড়াও কৃষ্ণনগর বাজার, কুশুলিয়া বাজার, রতনপুর বাজার সহ উপজেলার সকল বাজার ও মার্কেটে একই চিত্র । ব্যবসায়ী ও ক্রেতারা জানান, জন্মের পর থেকে তারা কোনোদিন কাঁচামরিচের এত দাম দেখেননি।

মৌতলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী মিলন জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা আট শত টাকা কেজি দরে বিক্রি করছেন।

এক কেজি কাঁচামরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৭০০ টাকায় কিনেছেন বলে জানান এ ব্যবসায়ী। মরিচের দাম রাতারাতি ৮০০ টাকা হওয়ার বিষয়ে ব্যবসায়ী মিলন বলেন, ভারত থেকে যে মরিচ আসত, তা এখন আর আসছে না। এছাড়া প্রচণ্ড তাপদাহে মরিচের গাছ বাড়েনি। এর মধ্যে বৃষ্টিতে গাছও মারা যাচ্ছে। এ কারণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না।

ক্রেতা হরিদাস পাল বলেন, শনিবার সকালে কাঁচামরিচ কিনতে এসে তো আকাশ থেকে পড়া অবস্থা। এক কেজি কাঁচা মরিচের দাম আটশত থেকে এক হাজার টাকা। বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।

আরেক ক্রেতা রওনাকুল ইসলাম বলেন, কাঁচামরিচের এতো দাম জীবনে দেখেননি। আটশত টাকার এক পয়সা কমেও কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচামরিচে এখন এক কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে।


কাঁচা মরিচের বাজার আগুন, হতাশ ক্রেতারা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here