সড়ক দুর্ঘটনায় মাদারীপুর মৃত্যু বেড়ে ২, বাসে আগুন

অনলাইন ডেস্ক:

মাদারীপুর শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংর্ঘষে অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে আগুন দেওয়াসহ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে স্থানীয়রা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে শহরের খাগদি বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক সুমন শেখ ও যাত্রী সাজ্জাদ হোসেন (৪৫)। নিহত সুমন শেখ (৩৫) বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দিদার পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬১৫৬) নামে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সাড়ে ৯টার দিকে বাসটি মাদারীপুর শহরের খাগদি বাসস্ট্যান্ড মোড়ে আসলে বাসস্ট্যান্ড মোড়ে থেমে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই সুমন শেখ নামের ইজিবাইক চালক নিহত হন। আহত যাত্রী সাজ্জাদ হোসেনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় বিক্ষুব্দরা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অর্ধেকই আগুনে পুড়ে যায়। এ সময় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলকর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা সব নেমে যান।

নিহত সুমন শেখের শাশুড়ি আলেয়া বেগম বলেন, আমার ছেলে নেই। তাই মেয়ে ও জামাইকে নিয়ে মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের আমাদের বাড়িতে বসবাস করতাম। কিন্তু আল্লাহ এ কেমন বিচার করল। আমার মেয়ে জামাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। এখন আমরা কার কাছে বিচার চাইব আল্লাহ! এ কথা বলে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন আলেয়া বেগম।

মাদারীপুর সদর থানার ওসি মো কামরুল ইসলাম মিঞা বলেন, ‘দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে তাই এলাকাবাসী একটি স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগামীকালের মধ্যে স্পিডব্রেকার নির্মাণ কাজ শুরুর আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত পুড়ে যাওয়া বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


সড়ক দুর্ঘটনায় মাদারীপুর মৃত্যু বেড়ে ২, বাসে আগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here