নবীন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের করণীয়

0
241

আর্টিকেল

একাদশ শ্রেণি ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শীঘ্রই পদার্পণ করতে যাচ্ছ শিক্ষাজীবনের অতি গুরুত্বপূর্ণ ধাপ- এইচএসসি ১ম বর্ষে। কলেজের শুরু থেকে এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত সময়টা ২ বছর হিসাব করা হলেও মূলত প্রস্তুতির জন্য আরো কম সময় পাওয়া যাবে। যেহেতু তুলনামূলক বড় সিলেবাস,পড়ালেখার বিস্তৃতি বেশি এবং বেশ কিছুটা জটিল; তাই বোর্ড পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি এই কম সময়ের মাঝে নেওয়া কঠিন বটে।অতএব আমার পরামর্শ হলো ভালোভাবে প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস সম্পূর্ণ করে রিভিশনে যেতে হলে তোমাদের পড়ালেখা একাদশ শ্রেণি থেকেই গুছিয়ে নিতে হবে কারণ একাদশ শ্রেণির পড়ালেখা-ই মূলত এইচএসসি বোর্ড পরীক্ষার মূল ভিত্তি তৈরি করে। একাদশ শ্রেণির প্রস্তুতি ভালো হলে তা দ্বাদশ শ্রেণির প্রস্তুতিতে অনেকাংশেই সাহায্য করে।আবার যেহেতু দ্বাদশ শ্রেণিতে তুলনামূলকভাবে সময়টা কম পাওয়া যায় তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা। অপরদিকে বোর্ড পরীক্ষার ফলাফল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ামক হিসাবে কাজ করে বিধায়; এইচএসসি- তে ভালো ফলাফলের জন্যে শুরু থেকেই একাদশ শ্রেণির সম্পূর্ণ প্রস্তুতিতে মনোনিবেশ করা ছাড়া কোনো গতি নেই।

আবার এইচএসসি তে দেখা যায় বিভিন্ন উপজেলা ও জেলা শহর থেকে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের আগমন ঘটে ব্যাপকহারে।তখন তাদের সামনে মূল সমস্যা হয়ে দাঁড়ায় আবাসন ব্যবস্থা,নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এসএসসির তুলনায় এইচএসসি-তে পড়াশোনার পরিধির ব্যাপক পার্থক্য।

অপরদিকে বিজ্ঞানের শিক্ষার্থী মানেই তাকে প্রচুর পরিমাণে প্রাইভেট পড়তে হবে এমন চিন্তা তাদের মস্তিষ্কে কৃত্রিম বা প্রাকৃতিক যেভাবেই হউক প্রবেশ করেছে এবং নিজে নিজে পড়ার আগ্রহ অনেকাংশেই নষ্ট করেছে ফলস্বরূপ কলেজের ক্লাসে তখন আর তাদের মনযোগ থাকে না যা কোনোভাবেই কাম্য নয়। আবার প্রাইভেট নির্ভর পড়াশোনায়ও শিক্ষার্থীরা সঠিক জায়গা নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে, তারা বুঝতেই পারছে না যে সব জায়গা সবার জন্যে উপযুক্ত না। অধিকাংশ ক্ষেত্রে শহরের বাহির থেকে আগত অথবা মাঝেমধ্যে শহরের শিক্ষার্থীরাও হুজুগে বাঙ্গালীর ফাঁদে পড়ে পড়াশোনার হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি করে; তখন আর আশানুরূপ প্রস্তুতি সম্পন্ন হয় না যার প্রভাব বোর্ড পরীক্ষা সহ ভর্তি পরীক্ষাতেও পড়ে।অশনিসংকেত হলো বিজ্ঞানের শিক্ষার্থীদের একটা বিশাল অংশ উচ্চতর গণিত চতুর্থ বিষয় হিসেবে নেয় যা সঠিক সিদ্ধান্ত নয়,যে গণিত পড়বে না বা গণিত কে ভয় পায় সে বিজ্ঞানের জন্যে উপযুক্ত নয়।

এইচএসসি-তে যারাই নিয়মিত ভালো করে পড়াশোনা করবে তারাই বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় শতভাগ সফলতা লাভ করবে।ভালো ফলাফলের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই নিয়মিত কলেজে আসতে হবে এবং এ ব্যাপারে অভিভাবকদের সর্বদাই তৎপর থাকতে হবে।শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিনের সমন্বয়েই আসবে চূড়ান্ত সফলতা।

মোঃ আনোয়ার হোসেন জোসেফ
প্রভাষক-গণিত বিভাগ
আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, সদর, ময়মনসিংহ।


নবীন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের করণীয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here