ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

0
96

অনলাইন ডেস্ক

ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদশা ফয়সল ইনস্টিটিউটে সকাল ৯টায় নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নানক বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি। দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে, এতেই তা প্রমাণ হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে, তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বড় রাজনৈতিক দল যারা ছিলেন, তাদের মধ্যে যারা ভোট বর্জনের রাজনীতি করেছেন, ভোট প্রতিরোধের রাজনীতি করেছেন, তারা দেশ থেকে নিঃশেষ ও বিলীন হয়ে গেছে।

তিনি বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ, ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।

ভোটারদের উদ্দেশে নানক বলেন, ভোটারদের বলবো, ভোটকেন্দ্রে আসুন, নির্ভয়ে ভোট দিন। দেশের গণতন্ত্র রক্ষার্থে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বেড়ে যাবে। এ এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে।


ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here