
মোঃ আমির হোসেন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন ভোলার তজুমদ্দিন উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা গণসংযোগ ভোটের মাঠ সরগরম।
জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২মে ২০২৪ইং মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫মে মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯-১১মে। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২মে। প্রতীক বরাদ্দ ১৩মে। ২৯মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩ শত ৮৮ জন। পুরুষ ৫৩ হাজার ৭ শত ৪০ জন। নারী ৪৯ হাজার ৬ শত ৪৮ জন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, উঠান বৈঠক এর মাধ্যমে প্রচার প্রচারণা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। সম্ভাব্য প্রার্থীরা বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো।
বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। কেউ কেউ এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীদের এমন প্রচারে সরব হয়ে উঠেছে পুরো তজুমদ্দিন উপজেলা। এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীর কর্মী-সমর্থকরাও তাদের পছন্দের ব্যক্তির জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নে পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ায় উপজেলার হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান সমুহ সরগরম হয়ে উঠছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক, তজুমদ্দিন প্রেস ক্ল্যাবের সভাপতি, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন মহাজন, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসনাইন মুহাম্মদ (সোহেল) পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন ফরাজী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম শিলা, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হনুফা আক্তার রুপা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, মোসাম্মৎ কয়েফুল বেগম শাহ।
সরেজমিন তজুমদ্দিন উপজেলা ঘুরে দেখা যায়, তফশিল ঘোষণার পর থেকেই উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থী, প্রার্থীর কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের গায়েও লেগেছে নির্বাচনি হাওয়া। তবে ভোট নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। তাদের মতে, নির্বাচন এলেই কেবল নেতাদের পা পড়ে প্রত্যন্ত অঞ্চলের জনপদে। নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থী এবং তাদের সমর্থকদের আনাগোনা বেড়ে যায়। নির্বাচন চলে গেলে এসব নেতারা আমাদের আর খোঁজখবর রাখে না। তবে এবারের নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান তারা। কারণ দলীয় মনোনয়ন ও প্রতীক না থাকায় যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বলে জানান তারা। ৫টি ইউনিয়ন নিয়ে তজুমদ্দিন উপজেলা পরিষদ গঠিত।












