
অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জের র্যাব-১২’র অভিযানে ১৮ ভরি স্বর্ণসহ অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, ঢাকার আশুলিয়া থানা এলাকার শ্রী কন্ডিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম শামীম (৪৫) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামের শ্রী ধাম চন্দ্র বর্মণের ছেলে দীপক চন্দ্র বর্মণ। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২ অক্টোবর ঢাকার আব্দুল্লাপুর থেকে বিদেশ ফেরত ইব্রাহিম (৪১) নামের এক ব্যক্তি একতা পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। তার পাশের আসনের যাত্রী ছিলেন শামীম। একপর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এ যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ-হাটিকুমরুল এলাকার একটি হোটেলে যাত্রা বিরতি দেয়। এ সময় তারা একসাথে খাবার খায় ও বাসে উঠার আগ মূহুর্তে ২টি কফি এনে ১টি ইব্রাহিমকে দেয়া হয়। বাসটি ছাড়ার কিছুক্ষণ পর পথিমধ্যে ইব্রাহিম অচেতন হয়ে যায়।
এ সময় বিদেশ থেকে নিয়ে আসা স্বর্ণের বার,স্বর্ণের গহণা, মোবাইল, পাসপোর্ট ও ভিসাসহ অন্যান্য সকল মালামাল চুরি করে পালিয়ে যায় শামীম। ওইদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছলে ইব্রাহিমকে অচেতন অবস্থায় দেখে এবং জ্ঞান ফেরার পর তাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন ওই বাসের লোকজন।
এ ব্যাপারে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মামলা দায়েরের পর র্যাব-১২’র কাছে আসামী গ্রেফতারের আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে ঢাকার ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি ২ আনা স্বর্ণ, নগদ ২ হাজার ২০০ টাকা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।