মানিকগঞ্জে হত্যা মামলায় স্বামী স্ত্রী আটক

0
76

অনলাইন ডেস্ক:

মানিকগঞ্জের সিংগাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় জড়িত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের মৃত শেখ সিদ্দিকের ছেলে শেখ মাসুদ (৩৮) ও তার স্ত্রী রেখা (৩৩)। তাদেরকে ফৌজদারী কার্যবিধি’র ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের ওয়াইজনগর হতে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টুন প্যাকেটে ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ক্লুলেস হত্যা মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামী মাসুদ নিজে এই হত্যাকান্ডের দায় স্বীকার করেন এবং তার স্বীকারোক্তি ও তথ্য মতে নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানার কাঁচপুর এলাকা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও মারজিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, নিঃসন্তান মারজিয়া প্রায় ৬/৭ বছর আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। ডেন্টাল হাসপাতালে কাজ শিখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন তিনি। মারজিয়ার তার স্বজনদের সাথে কোন পারিবারিক সম্পর্ক ছিল না। এই সুযোগে মাসুদ তাকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ধারালো ছুরি দিয়ে জবাই করে। লাশ গুম করার জন্য মাসুদ ও তার স্ত্রী রেখা, মারজিয়ার মরদেহ কার্টুনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যায়।

অতিদ্রুত সময়ের মধ্যে মামলাটির আনুষঙ্গিক তদন্ত শেষ করে আসামীদের বিরুদ্ধে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে বলে জানান তিনি।


মানিকগঞ্জে হত্যা মামলায় স্বামী স্ত্রী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here