
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনায় মুসলিমা খাতুন (২০) নামে এক শ্রমিকের মস্তকহীন বিবস্ত্র মরদেহ উদ্ধারের তিন দিন পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- রিয়াজ ও সোহেল। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ফরিদপুর থেকে রিয়াজকে গ্রেফতার করে র্যাব। এরপর সোহেলকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
এর আগে বুধবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার ফুলতলার উত্তরডিহি গ্রামের ধান ক্ষেত থেকে মুসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি দামোদর গ্রামে। তিনি আইয়ান নামে একটি জুট মিলে শ্রমিকের কাজ করতেন।
গ্রেফতার দুই জনের স্বীকারোক্তির বরাত দিয়ে লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, হত্যার তিন দিন আগে মুসলিমার সঙ্গে রিয়াজের পরিচয় হয়। এরপর বিয়ের কথা বলে ২৫ জানুয়ারি রাতে মোবাইল ফোনে মুসলিমাকে ফুলতলার উত্তরডিহি গ্রামে ডেকে আনে। এরপর যুগ্নিপাশার মুনসুরের একটি ঘরে নিয়ে দুই জন মিলে ধর্ষণ করে।
গাড়িতে তোলার কথা বলে সেখান থেকে বিল এলাকায় নিয়ে যায় তারপর সেখানে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ধান ক্ষেতে ফেলে দেওয়া হয়।
তারপর রিয়াজের বাড়ি থেকে বটি এনে মাথা বিচ্ছিন্ন করা হয়। পরে সেই বিছিন্ন মাথা ও শরীরের জামাকাপড় জুতা নির্মাণাধীন একটি ভবনের নিচে পুতে রাখা হয়।
২৬ জানুয়ারি লাশ উদ্ধারের সময়ও রিয়াজ সেখানে উপস্থিত ছিল। পরে বিভিন্নভাবে তার নাম ওঠার পর সে পালিয়ে যায়। গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার রাতে ফরিদপুর থেকে রিয়াজকে গ্রেফতারের পর তার তথ্যের ভিত্তিতে ফুলতলা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্য অনুয়ায়ী অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করা হয়।
মুসলিমার বোন আকলিমা খাতুন জানান, ২৫ জানুয়ারি রাত ৯টার দিকে মোবাইল ফোনে কল পান মুসলিমা। এরপর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। পরদিন সকালে উত্তরডিহির ধান ক্ষেতে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনর মুসলিমার লাশ শনাক্ত করে।
তিনি বলেন, দুই বছর আগে যশোরের প্রেমবাগ এলাকায় সাগর নামে এক যুবকের সাথে মুসলিমার বিয়ে হয় এবং এর কিছুদিন পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকে আইয়ান জুট মিলে কাজ শুরু করেন মুসলিমা।













