
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নং ব্রিজ সংলগ্ন এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার(৫ এপ্রিল) বিকেল ৫.৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-২৬৫৫ অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাদে পড়ে যায়।
এতে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি।





