
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
সোমবার (১১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশবীজ, রাসায়নিক সার বিতরণ ও উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশের পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খাল-বিল, নদী-নালা সংরক্ষণে এগিয়ে আসতে আসতে হবে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। কৃষির উন্নয়নের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল।কৃষদের সার, উন্নতমানের বীজ ও আধুনিক কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ অব্যাহত রাখবে সরকার।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাাডভোকেট গোপাল দত্ত, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, জেলা কৃষি প্রকৌশলী সোনিয়া শাহনিয়া জামান, কৃষক নজরুল ইসলাম প্রমুখ।












