নড়াইলে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

0
38

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আাক্তার এ দণ্ডাদেশ দেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে জয়নাল হোসেন, খুদায়েরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রনি ইসলাম এবং পাবনা আটঘড়িয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে আলিম খান। তবে সাজাপ্রাপ্তদের মধ্যে জয়নাল হোসেন আদালতে উপস্থিত থাকলেও বাকি দু’জন রনি এবং আলিম পলাতক রয়েছেন।

আলাদত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৪ নভেম্বর ১৪৭ বোতল ফেনসিডিলসহ আসামিরা নড়াইল সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরে পুলিশের করা মামলায় কারাভোগের এক পর্যায়ে রনি ইসলাম এবং আলিম খান জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রায়ের ধার্যদিন সোমবার দুপুরে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত।


নড়াইলে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here