
দিনাজপুর জেলা প্রতিনিধি
দেশব্যাপী নারী ও কন্যার ওপর চলমান সকল প্রকার ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা মানববন্ধন করেছে।
সোমবার বিকাল ৫টায় ইয়াসমিন হত্যা ট্রাজেডি দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু ইয়াসমিন নয়, বর্তমানে প্রতিদিন প্রতি মুহূর্তে শত শত নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতাকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে উল্লেখ করে তারা বলেন, এই সহিংসতা বন্ধ না হলে মানবাধিকার অর্জন অসম্ভব।
মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবিনা আকতারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সদস্য কানিজ রহমান।
আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, রত্না মিত্র, সুমিত্র বেসরা, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, সদস্য জেসমিন আরা ও কবিজান প্রমুখ।













