বাড়িতে ঢুকে দাদাকে মারধর, নাতিকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

0
24

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বহলিকান্দা খালপাড় এলাকায় নির্জন একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধকে মারধর করে তাঁর নাতিকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ৮-১০ জন তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতকাল রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জন তরুণ তাদের বাড়িতে এসে দরজায় জোরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে তারা ঘরের বেড়া খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাড়িটির চারপাশে খাল ও বিল থাকায় এলাকাটি অনেকটা নির্জন এবং আশপাশে বসতবাড়িও কম।

এ সময় বাড়িতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও দুই নাতনি ছিলেন। শব্দ শুনে বৃদ্ধ দাদা দরজা খুলে এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। একই সময় তাঁর নাতিকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

এ সময় বৃদ্ধের চিৎকার ও নাতনিদের কান্নাকাটিতে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

স্থানীয়দের অভিযোগ, শরীফ ও ইমনসহ আরও কয়েকজন তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।

এসব অভিযোগ নিয়ে এর আগেও একাধিকবার স্থানীয়ভাবে দরবার-শালিশ হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, শরীফ সম্পর্কে ওই পরিবারের নাতনির জামাই। তাঁর সঙ্গে থাকা ইমনসহ কয়েকজন তরুণ রাতের আঁধারে শ্বশুরবাড়িতে এসে হামলা ও নাতিকে তুলে নেওয়ার চেষ্টা করে।

ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে রয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দিনমজুর হওয়ায় মামলা-মোকদ্দমার ঝামেলা চালিয়ে যাওয়াও তাদের জন্য কঠিন বলে জানিয়েছেন। তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত শরীফ ও ইমনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া প্রয়োজন।


বাড়িতে ঢুকে দাদাকে মারধর, নাতিকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here