গুরুদাসপুরে ছাত্র-শিক্ষিকার অসম প্রেম অতপর বিয়ে

0
60

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে খাইরুন নাহার (৪৫) নামে একজন কলেজ শিক্ষিকাকে বিয়ে করেছেন মো. মামুন হোসেন (২২) নামের এক কলেজছাত্র। এই অসম প্রেম ও বিয়ের ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের ছয় মাসেরও বেশি সময় পার হওয়ার পর সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হয়। শিক্ষিকা মোছা. খাইরুন নাহার গুরুদাসপুরের খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মামুন নাটোর এন এস সরকারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

খোঁজ নিয়ে আরও জানা যায়, এক বছর আগে ফেসবুকে শিক্ষিকা খাইরুনের সঙ্গে একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের কলেজছাত্র মোহাম্মাদ আলীর ছেলে মামুনের পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে দুজন বিয়ের সিন্ধান্ত নেন। ২০২১ সালের ১২ ডিসেম্বরে কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তারা। বিয়ের ৬ মাস পর তাদের সম্পর্ক জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। বর্তমানে নাটোর শহরের একটি ভাড়া বাসায় দুজন বসবাস করছেন। এর আগে ওই শিক্ষিকা প্রথমে বিয়ে করেছিলেন রাজশাহী বাঘা উপজেলার এক ছেলেকে। পারিবারিক কলহে সেই সংসার বেশিদিন টিকেনি। প্রথম স্বামীর ঘরে একটি পুত্র সন্তান রয়েছে।

জানতে চাইলে খাইরুন বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। সেই সময় ফেসবুকে মামুনের সঙ্গে পরিচয় হয়। এরপর আমাদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে ভালবাসা হয়। তারপর দু’জন সিদ্ধান্ত নিয়ে বিয়ে করি। সমাজে কে কী বলে, তা বড় বিষয় না। আমরা যদি দুজন ঠিক থাকি, তাহলে সব ঠিক। আমার পরিবার থেকে সম্পর্ক মেনে নেয়নি। তার বাড়ি থেকে আমাদের বিয়ে মেনে নিয়েছে। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। আমি অনেক সুখে আছি।

মামুন বলেন, খাইরুনকে বিয়ে করে আমি খুশি এবং সুখি। সবার দোয়ায় সারাজীবন এভাবেই থাকতে চাই।

প্রেম-ভালোবাসা জাতকুল বয়স কিছুই মানে না। আবারো এর প্রকৃষ্ট প্রমান হলো খাইরুন-মামুনের ভালোবাসায়। তাদের বিয়েকে সাপোর্ট করেছে অনেকেই। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। তবে কতদিন টিকবে তাদের সংসার তা নিয়ে অনেক গুঞ্জনও রয়েছে।#


গুরুদাসপুরে ছাত্র-শিক্ষিকার অসম প্রেম অতপর বিয়ে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here